আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ৯, ২০২৬, ১০:২৭ এএম
ছবি-দিনাজপুর টিভি
উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের বিদায়লগ্নে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে এ জেলার মানুষ। বর্তমানে জেলাজুড়ে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ থাকায় শীতের অনুভূতি প্রকট হয়েছে।সরেজমিনে দেখা গেছে, রাতভর বৃষ্টির মতো ঝরা কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। শুক্রবার ভোরে ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।
তীব্র শীতের কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সময়মতো কাজে যোগ দিতে পারছেন না। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।শীতের এই বৈরী প্রভাবে কৃষিখাতেও শঙ্কা দেখা দিয়েছে। তীব্র শীত ও কুয়াশার কারণে আলু ও মরিচ ক্ষেতে রোগবালাই বেড়ে গেছে। এছাড়া বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, জেলা ওপর দিয়ে ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে এবং শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।