রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বিপাকে জনজীবন

আবু সালেহ মো রায়হান 

জানুয়ারি ১১, ২০২৬, ১০:৪৩ এএম

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বিপাকে জনজীবন

ছবি-দিনাজপুর টিভি

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে গত দুই সপ্তাহ ধরে দাপট দেখাচ্ছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা কনকনে হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। বর্তমানে জেলাজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং হিমেল বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার।

সরেজমিনে দেখা গেছে, শনিবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পথঘাট। বৃষ্টির মতো ঝরা কুয়াশার কারণে আজ ভোরে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। হাড়কাঁপানো শীতের কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সময়মতো কাজে যোগ দিতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতের এই বৈরী প্রভাবে কৃষিখাতেও ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে আলু ও মরিচ ক্ষেতে রোগবালাই বেড়ে গেছে। এছাড়া বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। সেই সাথে কুয়াশা ও হিমেল বাতাসের প্রকোপ বাড়ার পাশাপাশি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।