জানুয়ারি ১২, ২০২৬, ১১:০২ এএম
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
গত তিনদিন ধরে জেলার তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে ওঠানামা করায় পুরো জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।হাড়কাঁপানো ঠান্ডার সাথে উত্তরের হিমেল বাতাস যোগ হওয়ায় ভোগান্তি বেড়েছে দ্বিগুণ।
বিশেষ করে কৃষি শ্রমিক ও দিনমজুররা ভোরে কাজে বের হতে গিয়ে চরম বিপাকে পড়ছেন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় মাঠে কাজ করা দুষ্কর হয়ে পড়েছে। শীতের দাপটে ছিন্নমূল ও দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রোববার তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি এবং শনিবার ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও রোদের উত্তাপ না থাকায় শীতের তীব্রতা কমছে না। শৈত্যপ্রবাহের এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন