বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

১৮ জুন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১১:৪৮ পিএম

১৮ জুন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আষাঢ়ের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধির পাশাপাশি নতুন করে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের সর্বশেষ তথ্য অনুযায়ী ১৮ জুন দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় মেঘের পরিমাণ বেশি থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। 

এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগেরও কিছু কিছু এলাকায় এই মেঘ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও দক্ষিণ চট্টগ্রামের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে যা দেশের মোট ৪০ থেকে ৫০ শতাংশ এলাকা জুড়ে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি মৌসুমে একটি অঘোষিত বৃষ্টি বলয় সক্রিয় থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।তবে বৃষ্টিপাতের তীব্রতা বাড়লেও দেশের অধিকাংশ এলাকায় দিনে স্বাভাবিক ভ্যাপসা গরম আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় থার্মোমিটারের পারদ মৃদু তাপপ্রবাহের মাত্রায় উঠে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলা অঞ্চলে ৫৮ মিলিমিটার। সম্ভাব্য বৃষ্টিপাতের এলাকাগুলোতে মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকায় কালো মেঘ দেখলেই সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।