ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:২৫ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় আমন ধান কাটা-মাড়াই শেষ হতে না হতেই বোরো ধান চাষাবাদের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় এখন বীজতলা তৈরির ধুম পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কাহারোলের ৬টি ইউনিয়নে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের বোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭৯ হেক্টর জমি।
কৃষকেরা ব্রী ধান-২৮, ২৯, ৫৮, ৮৮, ৮৯, ১০০ ও ১০২ জাতের বীজতলা তৈরি করছেন।সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকদের কর্মব্যস্ততা এখন চোখে পড়ার মতো।
কেউ বীজতলায় সেচ দিচ্ছেন, কেউ লাঙ্গল বা কোদাল দিয়ে জমি তৈরি করছেন, আবার কেউ মই দিয়ে বীজতলা সমান করে অঙ্কুরিত বীজ ছিটানোর কাজ করছেন। কৃষকেরা জানান, আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয় এবং চারা সতেজ থাকে।ঈশানপুর গ্রামের কৃষক শামসুল ইসলাম জানান, তিনি প্রায় ১২ বিঘা জমিতে বোরো চাষের জন্য বীজতলা তৈরি করেছেন।
একই গ্রামের কৃষক হযরত বলেন, "আবহাওয়া অনুকূলে থাকলে চারা ভালো হয়। এবার আগেভাগেই ৭ বিঘা জমির জন্য বীজতলা তৈরি করে বীজ বপন করেছি।"কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম জানান, কৃষকদের মানসম্পন্ন বীজ বপনের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি ও কারিগরি সহায়তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উপজেলার অধিকাংশ কৃষক তাদের বীজতলা তৈরির কাজ প্রায় শেষ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন