রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

বোদা পৌরসভার ৮০০ বাসিন্দা সেবা হতে বঞ্চনা:মানববন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৯:২১ পিএম

বোদা পৌরসভার ৮০০ বাসিন্দা সেবা হতে বঞ্চনা:মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ৬নং ওয়ার্ডের ফুলচান শাহামনি মৌজার অন্তর্ভুক্ত জমিদারপাড়া গ্রামের প্রায় ৮০০ জন বাসিন্দা দীর্ঘ এক বছর ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন। জন্ম-মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদসহ নাগরিক সেবার সকল সুবিধা ভোগ করতে না পেরে তারা চরম বিপাকে পড়েছেন।

ওই এলাকাটিকে বোদা পৌরসভার অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশসহ সকল প্রকার নাগরিক সুবিধার দাবিতে জমিদারপাড়া গ্রামের কয়েকশত বাসিন্দা মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে।

বোদা পৌর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনসহ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

মানববন্ধন কর্মসূচিতে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সাদাত মো. সায়েম রুবেল, এলাকাবাসী আফসার আলী, জেসমিন আক্তার, নুরুজ্জামান, দেলজান বেগম ও রুমি আক্তার অভিযোগ করেন:সেবা বঞ্চিত: পৌরসভা গঠনের পর থেকে এলাকাবাসী পৌরসভায় ট্যাক্স প্রদান করে আসছিলেন এবং জন্ম-মৃত্যু সনদসহ সকল সুবিধা ভোগ করে আসছিলেন। জাতীয় পরিচয়পত্রেও এলাকাটি বোদা পৌর এলাকা হিসেবে উল্লেখ আছে এবং তারা পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু গত এক বছর ধরে পৌরসভা তাদের এসকল সেবা থেকে বঞ্চিত রেখেছে।

জটিলতা: পৌরসভায় সেবা নিতে আসলে কর্মকর্তারা জানান, ২০১৬ সালের গেজেট প্রকাশের সময় ফুলচান শাহামনি মৌজার কিছু দাগ নম্বর গেজেটে অন্তর্ভুক্ত হয়নি।হয়রানি: পৌর কর্তৃপক্ষ চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ হতে সেবা গ্রহণের পরামর্শ দিলেও ইউনিয়ন পরিষদ তাদের সেবা না দিয়ে ফেরত পাঠায়। দেলজান বেগম অভিযোগ করেন, ছেলের জন্ম নিবন্ধন সনদের জন্য তিনি ৮ মাস ধরে পৌরসভায় ঘুরছেন, কিন্তু কোনো সমাধান পাননি।

এলাকাবাসীরা নাগরিক সেবার সুষ্ঠু সমাধানসহ ওই এলাকাটি বোদা পৌরসভার অন্তর্ভুক্ত করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।বোদা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও পৌর প্রকৌশলী দীপঙ্কর অধিকারী জানান, এলাকাবাসীদের অভিযোগ সম্পর্কে তিনি জেনেছেন। পৌর প্রশাসকসহ বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।