ডিসেম্বর ১২, ২০২৫, ১১:০৯ পিএম
পিরোজপুর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কারিগর শরিফ ওসমান হাদি আমাদের বরিশালেরই সন্তান। তাকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করেছে।
দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া ময়দানে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন,সরকারের অন্যতম প্রধান দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।
জুলাই বিপ্লবের পর আমাদের নাগরিকরা যদি এখনো পর্যন্ত নিরাপদ না থাকে, তবে এটি সরকারের বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করব, এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের যেন দ্রুত চিহ্নিত করা হয়।”একই সাথে তিনি গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রের পক্ষ থেকে বহন করার জোর দাবি জানান।পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।জামায়াতে ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমিরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন