সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বোদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৩৮ পিএম

বোদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ শুরু

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় ‘মিড-ডে মিল’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বোদা উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খাতুন এবং ইএসডিও-এর উপজেলা সমন্বয়কারী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় বোদা উপজেলাসহ পঞ্চগড় সদর, আটোয়ারী ও দেবীগঞ্জ উপজেলার মোট ৫৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনরুটি, সিদ্ধ ডিম এবং কলা সরবরাহ করা হবে। প্রথম পর্যায়ে এই কার্যক্রম আগামী ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, “আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ। দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থানকালে তাদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা বিবেচনা করেই সরকার এই মিড-ডে মিল চালু করেছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা আরও আনন্দের সাথে পাঠদানে মনোযোগী হবে এবং ঝরে পড়ার হার কমবে।”