রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে কন্যা সহ তিন সন্তানের জন্ম,মা ও নবজাতকেরা সুস্থ

আবু সালেহ মো. রায়হান

জানুয়ারি ৪, ২০২৬, ০৭:০১ পিএম

পঞ্চগড়ে কন্যা সহ তিন সন্তানের জন্ম,মা ও নবজাতকেরা সুস্থ

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শিউলি আক্তার (২৬) নামের এক প্রসূতি মা। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড় শহরের ‘দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও এক মেয়ে নবজাতকের জন্ম হয়।

বর্তমানে মা ও তিন শিশু সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।তিন নবজাতকের বাবা রুবেল রানা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের জুগিগঞ্জ গ্রামের একজন কাপড় ব্যবসায়ী।

৪ বছর আগে এই দম্পতির বিয়ে হয়। এর আগে একবার তাঁদের যমজ তিন সন্তান হলেও জন্মের পরপরই তারা মারা যায়।

দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় একসঙ্গে তিন সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে আনন্দে আত্মহারা এই দম্পতি। পরিবার সূত্রে জানা যায়, গর্ভধারণের শুরুতে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দুটি যমজ সন্তানের কথা জানা গেলেও পরে তিনটি সন্তানের উপস্থিতি নিশ্চিত হয়। শনিবার রাতে প্রসব বেদনা উঠলে দ্রুত ক্লিনিকে নেওয়া হয় এবং ঝুঁকি এড়াতে জরুরি অস্ত্রোপচার করা হয়। জন্ম নেওয়া কন্যা শিশুটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম এবং দুই ছেলের ওজন যথাক্রমে ২ কেজি ৩০০ ও ২ কেজি ২০০ গ্রাম।

অস্ত্রোপচারকারী চিকিৎসক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আমির হোসেন বলেন, আল্লাহর অশেষ রহমতে মা ও তিন শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে। দীর্ঘ সময়ের চেষ্টার পর সফলভাবে তিন শিশুকে পৃথিবীতে আনতে পেরে চিকিৎসক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত।

বর্তমানে নবজাতকদের বাড়তি পর্যবেক্ষণের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। তিন সন্তানকে দেখার জন্য হাসপাতাল ও ক্লিনিকে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।