জানুয়ারি ১২, ২০২৬, ০৬:৪৮ পিএম
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন যে, আসন্ন নির্বাচনে তাদের বিজয় সুনিশ্চিত। সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে একটি ওরস মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা হবে ইনশাআল্লাহ।
নুর তাঁর বক্তব্যে দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, বাউল গান থেকে শুরু করে ধর্মীয় ওয়াজ বা ওরস—সব ধরণের অনুষ্ঠান করার স্বাধীনতা প্রত্যেক নাগরিকের আছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গায়ের জোরে কারো অনুষ্ঠান পণ্ড করা বা কারো ওপর হামলা করার ঔদ্ধত্য সমাজ সহ্য করবে না। তিনি সমাজ থেকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য দূর করার প্রতিজ্ঞা করেন।
বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নুর বলেন, “৫ আগস্টের পর গলাচিপার হিন্দু ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলাম যে, ধর্মীয় পরিচয়ের কারণে কেউ আক্রান্ত হবে না এবং এক পয়সা চাঁদা কাউকে দিতে হবে না।” তিনি গলাচিপা ও দশমিনাকে রাজনৈতিক সম্প্রীতির একটি `রোল মডেল` হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানান।
তাঁর স্বপ্নের রোল মডেল সমাজ হবে এমন, যেখানে একই সামাজিক অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা একসাথে কুশল বিনিময় করবে এবং রাজনৈতিক কারণে কেউ কারো ওপর জুলুম বা মামলা করবে না।নুরুল হক নুর আরও বলেন, দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি মানুষের পাশে থাকতে চান এবং একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েম করাই তাঁর মূল লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন