জানুয়ারি ১২, ২০২৬, ১১:২২ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বিওপি কমান্ডার পর্যায়ের এক সৌজন্য সাক্ষাৎ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি’র আওতাধীন গিরাগাঁও বিওপি’র আহ্বানে সীমান্তের রমজানপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সীমান্তের ৪১১/১ এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গিরাগাঁও বিওপি’র সুবেদার মোঃ ইসমাইল হোসেন।
ভারতের পক্ষে ১৭ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগছ ক্যাম্পের ইন্সপেক্টর সন্তোষ সিংহ নেতৃত্ব দেন। উভয় দেশের ৫ জন করে সদস্য এই বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে বিজিবি জানায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ এবং মাদক ও গরু চোরাচালান রোধে পারস্পরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ জনগণের নিরাপত্তা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দুই বাহিনী একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এছাড়াও বাংলাদেশি নাগরিকদের গবাদিপশু যেন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ না করে এবং মাদক চোরাচালানের রুটগুলো বন্ধে কঠোর নজরদারি বাড়ানোর বিষয়েও একমত হয় বিজিবি-বিএসএফ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলাদি বিনিময়ের মাধ্যমে এই সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন