জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:০৯ পিএম
বড় বড় রাজনৈতিক দলগুলোর উন্নয়ন আর সুশাসনের গালভরা প্রতিশ্রুতির ভিড়ে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে এক ব্যতিক্রমী ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন স্বতন্ত্র প্রার্থী আশা মণি। ভোটারদের মন জয়ে তিনি দিয়েছেন এক অভাবনীয় প্রতিশ্রুতি—বিজয়ী হলে সবার ‘বিয়ের ব্যবস্থা’ করবেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে আশা মণি তাঁর এই অদ্ভুত অথচ আলোচিত ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি তরুণ ভোটারদের কাছ থেকে নিয়মিত এই বিশেষ অনুরোধ পাচ্ছেন।
আশা মণি বলেন, "অনেক তরুণ ভাই আমাকে বলছেন, ‘আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন।’ তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট কথা—আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।
শুধু তরুণরাই নয়, দাদা-দাদি বা নানা-নানিদের ক্ষেত্রেও যদি এমন প্রয়োজন থাকে, আমি সবার জন্যই বিজিয় উপহার হিসেবে এই কাজ করে দিতে চাই।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও হাস্যরস। নেটিজেনরা মজার মজার মন্তব্য করছেন। কেউ বলছেন, "অন্যরা দিচ্ছেন ভাতার কার্ড, আর আশা মণি দিচ্ছেন বিয়ের কার্ড!
উল্লেখ্য, এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া এই নারী প্রার্থী গতানুগতিক ধারার বাইরে গিয়ে সাহসী প্রচারণার জন্য পরিচিত। ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে যে মাত্র দুজন নারী প্রার্থী লড়ছেন, আশা মণি তাঁদের অন্যতম। ঠাকুরগাঁও-৩ আসনে তাঁর পাশাপাশি আরও ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মাঝে তাঁর এই ‘বিয়ের প্রতিশ্রুতি’ শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলে, তা দেখার জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন