বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতে বইমেলার আয়োজন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:০৩ পিএম

ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতে বইমেলার আয়োজন

রাজশাহীতে বইমেলার উদ্বোধন

রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের স্পন্দন নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার সকালে নগরীর বাটার মোড় এলাকায় ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’-এর উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বই পড়ার সংস্কৃতিকে ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন।

মেলার আয়োজকরা জানান, এটি কেবল বই বিক্রির কেন্দ্র নয় বরং বই, কবিতা ও সৃজনশীল আড্ডার মাধ্যমে দিনটি উদযাপন করার একটি প্রয়াস। মেলায় রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনীর বইয়ের সমাহার রয়েছে। 

বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় বেশ কিছু দুর্লভ ও সংকলিত বই প্রদর্শন করা হচ্ছে, যা বই সংগ্রাহকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’-এর সংগঠকসহ রাজশাহীর বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তারা মনে করেন, এ ধরনের আয়োজন প্রান্তিক পর্যায়ে বইয়ের প্রসার ঘটাতে এবং নতুন পাঠকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাটার মোড়ের এই মেলা চত্বর এখন সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর।