ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৪২ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি-এর অধীনস্থ চাপসার বিওপি-র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৬/২-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাতুরিয়া গ্রাম এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৮ হাজার ৪০০ টাকা বলে জানানো হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ সময় তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানান এই কর্মকর্তা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন