বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:১৭ এএম

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক

৬ সিটিতে নতুন প্রশাসক

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশের মাধ্যমে সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। 

এছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেট সিটি করপোরেশনের জন্য আব্দুল কাইয়ুম চৌধুরীকে মনোনীত করা হয়েছে। নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারের জারি করা এই আদেশে উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সিটি করপোরেশন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রশাসকরা সংশ্লিষ্ট করপোরেশনের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। 

নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা সিটি করপোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও রুটিন দায়িত্ব পালনের এখতিয়ার রাখবেন। তারা সরকারি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।