রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৫৫ পিএম

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড

কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীতে একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে কলাতলীর এন আলম এলপিজি গ্যাস পাম্পে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পাম্পের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১০ জন আহত হন। 

এদের মধ্যে গুরুতর দগ্ধ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন আবু তাহের, মো. সিরাজ, আবদুর রহিম, মো. সাকিব, মোতাহের হোসেন এবং আবুল কাশেম। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানিয়েছেন, কক্সবাজার থেকে আসা এই ছয়জনই শরীরের মারাত্মক দগ্ধ নিয়ে হাসপাতালে পৌঁছেছেন। 

তাদের কারও শরীরের ২০ শতাংশ আবার কারও শরীরের ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা বেশি জটিল হওয়ায় তাদের দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকলেও তাদের জীবন শঙ্কা কাটেনি।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বুধবার রাতে পাম্পটিতে কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বেশ কয়েকজন দগ্ধ হন। গ্যাস লিকেজ বা যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, গত সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি ভবনে একই ধরণের গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে ইতোমধ্যে পাঁচজন মারা গেছেন। একের পর এক এমন দুর্ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।