রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

কসবা সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশি যুবকের বাগ্‌বিতণ্ডা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৩৪ এএম

কসবা সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশি যুবকের বাগ্‌বিতণ্ডা

সীমান্তে বিএসএফ-যুবক বাগ্‌বিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের শূন্য রেখায় ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের সঙ্গে বাংলাদেশি এক যুবকের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। কসবা উপজেলার তারাপুর সীমান্তের ২০৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা মহলে সমালোচনা তৈরি হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এমডি নীরব নামের এক যুবকের আইডি থেকে প্রচারিত ক্লিপটিতে কয়েকজন যুবক বর্ডার হাটের পাশে কাঁটাতারের খুব কাছে অবস্থান করছেন। সেখানে কর্তব্যরত এক বিএসএফ সদস্য তাদের সরে যেতে বললে এক যুবক উত্তেজিত হয়ে তাকে গুলি করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এবং নিজের দেশের সীমানায় থাকার অধিকার নিয়ে তর্ক শুরু করেন।

ঘটনাটি প্রশাসনের নজরে আসার পর কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। 

বিজিবি তাকে নিশ্চিত করেছে যে ঘটনাটি প্রায় দুই দিন আগের। সেই সময়ে লোকবল কম থাকার সুযোগ নিয়ে ওই যুবকরা জিরো পয়েন্টের একেবারে কাছে চলে গিয়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরণের উসকানিমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সীমান্তে অননুমোদিত প্রবেশের দায়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানিয়েছেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। 

ভিডিওতে থাকা যুবকদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। সীমান্তের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় এ ধরণের আচরণ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য যে, ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় জনসাধারণের প্রবেশে বিধিনিষেধ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পাওয়ার আশায় অনেক যুবক ইদানীং নিয়ম ভাঙার চেষ্টা করছেন, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে।