রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

ভোলায় ছয় পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:২০ পিএম

ভোলায় ছয় পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম

ছয় পা বিশিষ্ট বাছুর

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে ছয় পা বিশিষ্ট এক বিরল গরুর বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার ভোরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে এই বাছুরটির জন্ম হয়। অস্বাভাবিক দৈহিক বৈশিষ্ট্যের এই বাছুর জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের কৌতূহলী মানুষ একনজর দেখতে মালিকের বাড়িতে ভিড় জমাচ্ছেন। 

বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে আরও দুটি অতিরিক্ত পা ঝুলে থাকতে দেখা গেছে।বাছুরটির বর্তমান মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান বাছুরটি ভূমিষ্ঠ হওয়ার পর অতিরিক্ত দুটি পা দেখে পরিবারের সদস্যরা প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। 

তবে জন্মের কিছুক্ষণ পরই বাছুরটি নিজে থেকেই উঠে দাঁড়াতে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে শুরু করলে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। বর্তমানে বাছুরটি শারীরিকভাবে সুস্থ এবং এর আচার-আচরণ সাধারণ বাছুরের মতোই স্বাভাবিক বলে জানা গেছে। 

মালিক শাহাবুদ্দিন মিয়ার মতে শুরুতে আতঙ্ক থাকলেও চিকিৎসকের আশ্বাসের পর এখন তারা বাছুরটির যথাযথ যত্ন নিচ্ছেন।উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মোস্তফা এই বিষয়ে জানান যে ভ্রূণের বিকাশজনিত জটিলতার কারণে অনেক সময় এ ধরনের জন্মগত অস্বাভাবিকতা দেখা দেয়।

 চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি একটি বিরল ঘটনা হলেও বাছুরটির জীবন ঝুঁকির মুখে নেই। তিনি বর্তমানে বাছুরটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন যে বাছুরটি কিছুটা বড় হলে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত অঙ্গ দুটি অপসারণ করা সম্ভব হতে পারে। স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ থেকে বাছুরটির নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।