বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ছাত্রাবাসের দরজা ভেঙে যুবকের ঘুম ভাঙাল পুলিশ-ফায়ার সার্ভিস!

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৯:৩৯ পিএম

ছাত্রাবাসের দরজা ভেঙে যুবকের ঘুম ভাঙাল পুলিশ-ফায়ার সার্ভিস!

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

ময়মনসিংহের সানকিপাড়া এলাকায় একটি ছাত্রাবাসের দরজা ভেঙে গভীর ঘুমে আচ্ছন্ন এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। টানা ১২ ঘণ্টার গভীর ঘুমে ওই শিক্ষার্থী কোনো সাড়া না দেওয়ায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার বিকেলে নগরীর সানকিপাড়া হেলথ অফিসার গলির একটি ছাত্র মেসে এই চাঞ্চল্যকর ঘটনার অবতারণা ঘটে। 

উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম সোহান, তিনি নগরীর একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা।

সহপাঠী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহান সারারাত জেগে থাকার পর সোমবার ভোররাতে তার কক্ষে ঘুমিয়ে পড়েন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সোহান দরজা না খোলায় এবং বারবার ডাকাডাকিতেও কোনো সাড়া না দেওয়ায় তার সহপাঠীরা বড় কোনো বিপদের আশঙ্কা করেন। 

একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং পরবর্তীতে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টাতেও ঘুম না ভাঙায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি সংবাদমাধ্যমকে জানান, পুলিশ ও স্থানীয়দের থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে সোহানকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মো. আজহারুল ইসলাম জানান, ছেলেটি মূলত সারারাত না ঘুমিয়ে ভোরে ঘুমানোর কারণে প্রচণ্ড ক্লান্ত ছিল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযানের পর তাকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।