বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কী ঘটেছিল শিশু ইরার সঙ্গে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০১:০৮ পিএম

কী ঘটেছিল শিশু ইরার সঙ্গে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শিশু জান্নাতুল নিসা ইরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু জান্নাতুল নিসা ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রতিবেশী বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন। পুলিশের দাবি, ইরার বাবার সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের জেরে প্রতিশোধ নিতেই এই নৃশংসতা চালিয়েছে ঘাতক বাবু শেখ। 

গত ১ মার্চ সীতাকুণ্ড ইকোপার্কে এই ঘটনা ঘটলেও মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গত ১ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা এলাকার রিকশাচালক মনির হোসেনের শিশুকন্যা ইরাকে চকলেটের প্রলোভন দেখিয়ে সীতাকুণ্ড ইকোপার্কে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। 

সেখানে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। ইরা চিৎকার শুরু করলে ঘাতক বাবু শেখ ছুরি দিয়ে তার গলা কেটে মৃত ভেবে পাহাড়ের খাদে ফেলে পালিয়ে যায়। তবে গুরুতর জখম অবস্থায়ও শিশুটি অলৌকিকভাবে বেঁচে ছিল এবং একাই পাহাড় থেকে হেঁটে পার্কের গেটে চলে আসে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ সুপার জানান, ঘটনার পর থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতককে শনাক্ত করার চেষ্টা চালানো হয়। মঙ্গলবার দুপুরে কুমিরা এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, ইরার বাবার ওপর আক্রোশ থেকেই সে এই জঘন্য কাজ করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও চকলেটের খোসা উদ্ধার করা হয়েছে। 

এদিকে চমেক হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ধর্ষণের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।