এপ্রিল ৫, ২০২৬, ০৯:১৬ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৬ ঘণ্টা পর সজীব (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় গোসলে নেমে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল নদী থেকে তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
নিহত সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী নিশানডোবা এলাকার আব্দুল মালেকের ছেলে। জানা গেছে, সজিব ঢাকায় একটি মাদরাসাতে পড়াশোনার পাশাপাশি একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সজীবসহ চারজন বন্ধু মিলে দুপুরে করতোয়া নদীতে গোসলে নেমেছিলেন। তাদের মধ্যে সজীব সাঁতার জানতেন না।
গোসলের একপর্যায়ে সজীবসহ আরেক যুবক নদীর গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে বাকি দুইজন একজনকে টেনে উপরে তুলতে সক্ষম হন। তবে মুহূর্তের মধ্যে সজীব নদীর তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন পৌঁছে উদ্ধারের চেষ্টা চালিয়েও শুরুতে ব্যর্থ হন।পরবর্তীতে খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ নিবিড় তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে সজিবের নিথর দেহ উদ্ধার করে তারা।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান আবু আনসার মো রেজাউল করিম শামিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঁতার না জানার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।উদ্ধারকারী ডুবুরি দলের সদস্য নজরুল ইসলাম জানান, নদীর গভীর অংশে তল্লাশি চালিয়ে তারা মরদেহটি খুঁজে পান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম। উদ্ধার কার্যক্রম শেষে আইনী প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। এলাকার এই তরুণের অকাল মৃত্যুতে স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন