শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

নীলফামারীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শহিদুল ইসলাম

এপ্রিল ২৯, ২০২৬, ০৩:৪৮ পিএম

নীলফামারীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছবি-দিনাজপুর টিভি

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘শব্দদূষণ মুক্ত থাকি, সুস্থ সবল জীবন রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। তিনি ভিডিও প্রদর্শনের মাধ্যমে শব্দদূষণের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “শব্দদূষণ একটি নীরব ঘাতক। আমরা নীলফামারী জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫’ অনুযায়ী নীরব জোন হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন করব। 

শব্দদূষণ রোধে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।” বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ কাজ করবে।দিবসটি উপলক্ষে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে শহরের বাইপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শব্দদূষণ সৃষ্টির দায়ে ৬টি যানবাহনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ৮টি নিষিদ্ধ উচ্চশব্দের হর্ন জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়। 

চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিল্লাদুর রহমান মামুন এবং পরিবেশ সংরক্ষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।