বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ১০:৩৮ পিএম

বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: প্রধান আসামি গ্রেপ্তার

অপহৃত ছাত্রী উদ্ধার ও আসামি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৯ দিনের মাথায় শুক্রবার (১ মে) দুপুরে তাকে উদ্ধার করা হয়। একই অভিযানে ঘটনার মূলহোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গাজীপুরের পূবাইল এলাকা থেকে লামীনকে গ্রেপ্তার করা হয়। 

সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া এলাকার বাসিন্দা। গত ২২ এপ্রিল উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর বাবা গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে তাঁর ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। 

দুপুর আড়াইটার দিকে ৫ নম্বর রোডে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন মিলে তাঁর মেয়েকে অপহরণ করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে লামীনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।উত্তরা পূর্ব থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।