মে ২, ২০২৬, ১২:৩৭ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভবনের তিন তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে উর্মি তাঁর স্বামী এবং দেড় বছর ও চার বছরের দুই সন্তানকে নিয়ে আমিরুল ইসলামের ওই ভবনে ভাড়ায় ওঠেন।স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ওই পুলিশ সদস্য ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
শুক্রবার (১ মে) রাত দেড়টার দিকে তাঁর স্বামী বাপ্পী থানা পুলিশকে জানান যে, তাঁর স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ভোররাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নারী পুলিশ সদস্যের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী বাপ্পীকে থানায় আনা হয়েছে। এ সময় তাঁদের দুই শিশু সন্তানও পুলিশের হেফাজতে রয়েছে এবং থানা পুলিশের পক্ষ থেকেই তাদের দেখভাল করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহ সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন