শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ যুবক আটক

শহিদুল ইসলাম

মে ২, ২০২৬, ০৯:৪১ পিএম

র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ যুবক আটক

ছবি-দিনাজপুর টিভি

র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে নীলফামারীর ডিমলায় ২৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ মিষ্টার ইসলাম (১৮) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। শনিবার (২ মে) ভোর রাতে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকার একটি বাড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় মোট ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকায় মিষ্টার ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসা নির্মূলে তাদের এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব বাদী হয়ে এই মামলাটি দায়ের করে এবং উদ্ধারকৃত গাঁজাসহ আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, র‍্যাবের মাদকসহ গ্রেপ্তারকৃত ওই যুবককে শনিবার দুপুরে নীলফামারী আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।