রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আবু সালেহ মোঃ রায়হান

মে ১২, ২০২৬, ১০:৫৬ এএম

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

"আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ মে) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে নয়টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে সকল নার্সিং কর্মকর্তা ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। 

র‍্যালিতে হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মরত নার্স এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. আমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা।আলোচনা সভায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মনসুর আলমসহ সংশ্লিষ্ট নার্স কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা স্বাস্থ্যখাতে নার্সদের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি ক্ষেত্রে নার্সরা নিজেদের সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। দিনরাত পরিশ্রমের মাধ্যমে তারা স্বাস্থ্যসেবা সচল রাখছেন।

সভায় নার্সদের পেশাগত নিরাপত্তা ও ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, অনেক সময় রোগীর স্বজনদের দ্বারা নার্সদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, যা কাম্য নয়। এ জন্য সরকারের কাছে নার্সদের ক্ষমতায়ন ও সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই ছিল এবারের দিবসের মূল বার্তা। অনুষ্ঠান শেষে নার্সিং সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।