মে ১২, ২০২৬, ০৩:৪২ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে ফতুল্লার ফারিহা নিট টেক্স কারখানার ভেতরে এই ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলীর বয়স ৪৫ বছর। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। তিনি ওই কারখানায় স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে কারখানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে সহকর্মীরা সংশ্লিষ্ট কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইদ্রিস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর কারখানার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এই পরিস্থিতিতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারী শ্রমিকরা এই মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন