বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

পুলিশ সদস্যকে অপহরণ ও নির্যাতন, গ্রেপ্তার ৫

রবিউল এহ্সান রিপন

মে ১৬, ২০২৬, ০৯:০৬ পিএম

পুলিশ সদস্যকে অপহরণ ও নির্যাতন, গ্রেপ্তার ৫

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ে সাদা পোশাকে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে অপহরণ করে জিম্মি ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় পাঁচ আসামির সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার নেপথ্যে কোনো গভীর রহস্য বা আর্থিক লেনদেনের বিরোধ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আসামিদের রিমাণ্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল রানা, মো. বিপ্লব ইসলাম, মো. নাজমুল হোসেন ওরফে রাব্বি, মো. সাকিব খান এবং মো. নাইম আহাম্মেদ। 

গত বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল মো. আজিজুল ইসলাম শহরের গোয়ালপাড়া এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। সে সময় একটি সাদা রঙের প্রাইভেটকার ও অটোরিকশা নিয়ে একদল যুবক তাঁর পথরোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই যুবকেরা তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে মুঠোফোনটি কেড়ে নেয়।

পরে ওই পুলিশ সদস্যকে অপহরণ করে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন একটি দোকানে নিয়ে অবরুদ্ধ করা হয় এবং ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।সিভিল পোশাকে তথ্য সংগ্রহের বিষয়ে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে জোরপূর্বক তিনটি ১০০ টাকা মূল্যমানের ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। কনস্টেবল আজিজুল ইসলাম এর প্রতিবাদ করতে গেলে আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে তাঁর দুই পায়ে গুরুতর জখম করে।

আহত কনস্টেবল ওই দিনই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।এরপর তিনি বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে শুক্রবার মামলা করা হয়। সরকারি কাজে বাধা, অপহরণ ও গুরুতর আঘাতের অভিযোগে দায়ের করা এই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।