মে ১৮, ২০২৬, ০৯:৫৩ এএম
গ্রাহক পর্যায়ে গড়ে সর্বোচ্চ ৩২ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। ঘাটতি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১ জুন থেকেই এই নতুন মূল্য কার্যকর করার আবেদন জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একই সঙ্গে নিয়মের পরিবর্তন এনে বছরে দুইবার বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতাও চেয়েছে বিদ্যুৎ খাতের এই রাষ্ট্রীয় সংস্থাটি।
চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে পাইকারি দাম ২১ শতাংশ বাড়ানোর জন্য পিডিবি আলাদা প্রস্তাব জমা দিয়েছে। পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ডলারের মূল্যবৃদ্ধি এবং তেল ও কয়লার আন্তর্জাতিক বাজার চড়া থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে তাদের সামনে বিকল্প উপায় খুব সীমিত। বিতরণ সংস্থাগুলো পাইকারি পর্যায়ের এই বাড়তি দাম সাধারণ গ্রাহকদের ওপর সমন্বয়ের আবেদনের পাশাপাশি ডিমান্ড চার্জসহ বিভিন্ন ফি বাড়ানোরও প্রস্তাব এনেছে।
বিদ্যুতের দাম বাড়ার এই নতুন সম্ভাবনায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়েছে।নিত্যপণ্যের বাজারদর আগে থেকেই অনেক বেশি থাকলেও সাধারণ মানুষের আয় সেই তুলনায় মোটেও বাড়েনি। এমন অবস্থায় নতুন করে ইউটিলিটি বিলের এই চাপ তৈরি হলে তা মধ্য ও নিম্নবিত্তের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে বলে ভোক্তারা জানিয়েছেন। বিদ্যুৎকে বিলাসপণ্য না ভেবে মানুষের মৌলিক প্রয়োজনের অংশ হিসেবে বিবেচনা করে সিস্টেম লস ও অযৌক্তিক ব্যয় কমানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যুৎ খাতের সঙ্গে দেশের উৎপাদন ব্যয়, ভোক্তা কল্যাণ ও সামগ্রিক অর্থনীতির নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম দাবি করেছেন, প্রতি ইউনিট বিদ্যুতের প্রকৃত ব্যয় ৮ টাকার বেশি হওয়ার কথা না হলেও এখানে ১২ টাকা দেখানো হচ্ছে। পিডিবির লুণ্ঠনমূলক ব্যয় ও অতিরিক্ত মুনাফা কমিয়ে যৌক্তিক ব্যয় নির্ধারণের এই দাবিগুলোর ওপর আগামী বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন