বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে জনসচেতনতামূলক কর্মসূচি

আবু সালেহ মোঃ রায়হান

মে ১৮, ২০২৬, ০৪:৩৪ পিএম

নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে জনসচেতনতামূলক কর্মসূচি

ছবি-দিনাজপুর টিভি

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশুদের সার্বিক সুরক্ষার লক্ষ্যে পঞ্চগড়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। 

সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।বাল্যবিবাহ রোধ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব পায়।

র‍্যালি শেষে অডিটোরিয়াম চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বক্তব্য রাখেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাও নারী অধিকার প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন। 

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর সরাসরি জোর দেন বক্তারা। সামাজিক এসব সমস্যা সমাধানে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।