মে ১৯, ২০২৬, ১১:৪৬ এএম
পঞ্চগড়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখ সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্য নিয়ে এবারের মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।ভূমি দখলকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন যে দখল করে একজন ব্যক্তি লাভবান হলেও সামগ্রিকভাবে জনগণ ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমান সরকার ভূমি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং যেকোনো অবৈধ দখল পুনরুদ্ধার করতে আইনি তৎপরতা চালানো হবে। দলিল ও সঠিক কাগজ যার থাকবে জমির মালিকানা তারই থাকবে।
এই মেলায় ছাত্র-ছাত্রীদের যুক্ত করার ইতিবাচক দিকটি তুলে ধরে তিনি জানান যে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের এখন থেকেই শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
তিনি মেলায় অংশ নেওয়া মোট ৯টি স্টল পরিদর্শন করেন এবং আগত নাগরিকদের সহজ পদ্ধতিতে সেবা দেওয়ার পরামর্শ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই মেলায় কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন