রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আবু সালেহ মোঃ রায়হান

মে ২৭, ২০২৬, ০৬:০৪ পিএম

পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার নগরকুমারি হাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন রাস্তার ওপর অবৈধভাবে দোকান ও মালামাল রাখার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানে পুলিশের একটি দল সক্রিয়ভাবে অংশ নেয়।

আদালত সূত্রে জানা যায়, মহাসড়ক দখল করে স্থাপনা তৈরি করায় মুনষ্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, আলমগীর স্টোরকে ৩ হাজার টাকা এবং তইবুল চা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। 

একই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তার ওপর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে ফেলার কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এছাড়াও মহাসড়কের ওপর যত্রতত্র বাস, সিএনজি চালিত অটোরিকশা পার্কিং না করার জন্য চালকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে প্রশাসন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এই বিশেষ উচ্ছেদ অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।