বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

আবু সালেহ মোঃ রায়হান

জুন ৪, ২০২৬, ১০:৪৪ এএম

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

ছবি-দিনাজপুর টিভি

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের সদস্যরা পঞ্চগড় সীমান্ত এলাকাজুড়ে এই টহল দিচ্ছেন।রাতের অন্ধকারে নজরদারি বাড়াতে ব্যবহার করা হচ্ছে সার্চলাইট ও নাইট ভিশন গগলস।

গত বুধবার রাত থেকে শুরু হওয়া এই কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও যুক্ত করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দল গঠন করে চলছে এই বিশেষ টহল। 

একই সঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের।হ্যান্ডমাইক ও বাঁশি বাজিয়েও সতর্ক অবস্থান জানান দিচ্ছেন জওয়ানেরা।কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে বিজিবি ক্যাম্প বা বিওপিতে জানানোর আহ্বান জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত প্রহরার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, সীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে সাধারণ মানুষের সম্পৃক্ততা জরুরি। দেশের সুরক্ষায় সব ধরনের অপরাধের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।