জুন ৬, ২০২৬, ০৯:১০ পিএম
শেরপুরের নালিতাবাড়ী পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর বিএসএফের একটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার রাতে সীমান্ত দিয়ে ৫ থেকে ৬ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে এমন গোপন তথ্য ছিল বিজিবির কাছে। এই তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম কয়েক গুণ বাড়ানো হয়েছিল।
সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।বিজিবি ৩৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের মেঘালয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে এনে বিএসএফের বাবুরামবিল ক্যাম্প এলাকায় রাখা হয়েছিল।
পরবর্তীতে মানবপাচারকারীদের সহায়তায় তাদের নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়। বিজিবি আগে থেকেই এ বিষয়ে সতর্ক থাকায় তাদের পরিকল্পনা সফল হয়নি।
সীমান্তের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।বিজিবির টহল জোরদারের কারণে বিএসএফের সেই পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় জড়িত বাংলাদেশি দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন