জুন ২০, ২০২৬, ১২:৩৬ পিএম
বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ার কৃতিত্ব তারেক রহমানের সরকারের বলে দাবি করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকাল এগারোটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেখানে মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছিল।
চলতি বছরের দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের এই বাজেটকে বিরোধী দল কল্পনার বাজেট বলে সমালোচনা করছে।এই সমালোচনার জবাবে ফরহাদ হোসেন আজাদ বলেন, কল্পনা বা স্বপ্ন না থাকলে দেশের কোনো লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য সবসময় বড় পরিকল্পনা এবং নির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি। প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার একটি অভিযোগ থাকলেও এবার বাজারে তেমন কোনো চাপ সৃষ্টি হয়নি।
এটিকে একটি জনবান্ধব বাজেট হিসেবে উল্লেখ করে পঞ্চগড়ের দেবীগঞ্জে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করার প্রতিশূতি দেন প্রতিমন্ত্রী। পর্যায়ক্রমে এর কাজ বর্তমানে চলমান রয়েছে বলে তিনি জানান।অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এক লাখ ৬৮ হাজার টাকা এবং ৪১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। পরিবারগুলোকে স্বাবলম্বী করতে ৬০টি ছাগলও দেওয়া হয়। এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। পরে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদী ভাঙন এলাকা পরিদর্শন, বাঁধের সম্ভাব্য এলাকা যাচাই এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন