জুন ৩০, ২০২৬, ০৭:২২ পিএম
পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৮১ কোটি টাকার এক বিশাল প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম পৌরসভার এই বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়ানোকে এই প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রস্তাবিত বাজেটের মোট আকার ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। আয়ের প্রধান উৎস হিসেবে সরকারি অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে বিবেচনা করা হয়েছে।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক রবিউল ইসলাম বলেন, পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে নালা ও সড়ক নির্মাণ-সংস্কার এবং বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রমে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর পাশাপাশি পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন এবং তথ্যপ্রযুক্তির প্রসারে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ মানুষের মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করাই এই নতুন বাজেটের মূল উদ্দেশ্য বলে তিনি জানান।
বাজেট অধিবেশনে ওয়ার্ড কাউন্সিলর চিকিৎসক লুটফুল কবির, পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী দীপঙ্কর রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান উপস্থিত ছিলেন। একই সাথে বিশিষ্ট নাগরিক হুমায়ুন কবির লায়ন, স্থানীয় গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন