জুলাই ৫, ২০২৬, ০৭:২৩ পিএম
ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যেই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে প্রত্যাহার করা হয়েছে। গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে তেঁতুলিয়ার ইউএনও পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।প্রত্যাহার সম্পন্ন।
এর আগে, গত ২৯ জুন রেহানা বেগম উর্মি নামে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন যে, তাঁর ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ইউএনও আফরোজ শাহীন খসরু ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। চাকরি না হওয়ায় তিনি টাকা ফেরতের দাবি জানান এবং পরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী নারীর দাবি, প্রায় ছয় মাস আগে ২১ বছর বয়সী ছেলের চাকরির জন্য ইউএনওর সঙ্গে যোগাযোগের সময় মোট তিন লাখ টাকা চাওয়া হয়েছিল।অভিযোগের পর তেঁতুলিয়া উপজেলা অফিসার্স ক্লাব ইউএনওর পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে, যা নিয়ে প্রশাসনিক মহলে সমালোচনা তৈরি হয়। অপরদিকে, অভিযুক্ত নারীর বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে ঘুষের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।এ বিষয়ে বিদায়ী ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, "আমি বিষয়টি গত শুক্রবার জানতে পেরেছি। আমাকে যদি চলে যেতে বলা হয়, তাহলে আমি চলে যাবো।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন