বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ১১:২২ পিএম

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৭০), তার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং তাদের ছেলে ফরহাদ (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিজ মুদির দোকানের টিনের চালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে। এতে টিনের চালটি সম্পূর্ণ বিদ্যুতায়িত হয়ে যায়। দোকানের ওপর থাকা ছেলে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকা পড়লে তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে স্বামী ও ছেলেকে উদ্ধারের চেষ্টায় মা ফাতেমা বেগম এগিয়ে এলে তিনিও একই পরিণতি বরণ করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।