জুলাই ৭, ২০২৬, ০৪:৫২ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে কাঁঠাল গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজীম উদ্দীন ওরফে খাজা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজীম উদ্দীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে কাজীম উদ্দীন দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি আমগাছে ওঠেন। গাছটি থেকে বাঁশের লাঠি ব্যবহার করে পাশের একটি কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের সংস্পর্শে চলে আসে। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং মরদেহটি গাছে ঝুলে থাকে।
স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন