জুলাই ১১, ২০২৬, ০৩:১৯ পিএম
খুলনায় ১৬ বছরের কিশোরী আরফানা হোসেন নির্জনাকে হত্যার দায়ে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার জেরে বাবা ও মায়ের হাতেই এই কিশোরী খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে এই হত্যা রহস্য উদঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃত মায়ের নাম আরিফা ইয়াসমিন সিমা। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অপর অভিযুক্ত কিশোরীর বাবা মো. আলিম হোসেন আকাশ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
গত ৮ জুলাই রাত ৯টার দিকে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। ১০ জুলাই খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তদন্তের ২৪ ঘণ্টার মধ্যে নিহত কিশোরীর পরিচয় শনাক্ত হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে মা আরিফা ইয়াসমিন সিমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
পুলিশের তদন্তে উঠে আসে, মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে তর্কের একপর্যায়ে কিশোরীর বাবা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে কৌশলে ওই আবাসিক এলাকার সড়কে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন তারা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, এই ঘটনায় ভুক্তভোগীর বাবা-মা অভিযুক্ত হওয়ায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক বাবাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন