জুলাই ১৬, ২০২৬, ০২:৫০ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই বারৈয়ারহাট-খাগড়াছড়ি ও গহিরা-হেঁয়াকো সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।সড়ক অবরোধের কারণে বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে এই হরতাল কর্মসূচিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিকনছড়া এলাকায় সড়কের ওপর ট্রাক রেখে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে।
কর্মসূচির বিষয়ে সমন্বয়ক নুরুল আমিন জানান, তারা তাদের দাবির সপক্ষে মাঠ পর্যায়ে আন্দোলন করছেন। তিনি বলেন, ন্যায্য দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আগে মানববন্ধন, সড়ক অবরোধ ও স্মারকলিপি প্রদানসহ একাধিক কর্মসূচি পালন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়েই হরতাল ডাকতে হয়েছে।
দাঁতমারা ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন বলেন, ফটিকছড়ি উত্তরের মানুষ এখন একাট্টা। তিন ইউনিয়নের সর্বস্তরের মানুষ এই হরতালে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানিয়েছেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন