জুলাই ১৮, ২০২৬, ০৯:০৭ পিএম
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় আব্দুস শুকুর নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। এরপর তিনি আর ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এদিকে, ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন