জুলাই ২২, ২০২৬, ১২:২২ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের টংগুয়া বড়বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গরুবাহী টেম্পুর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহত চালক ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। গ্রামীণ মহাসড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন