জুলাই ২৫, ২০২৬, ১১:২৮ এএম
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং অবিলম্বে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বর্ণাঢ্য ‘জুলাই ম্যারাথন ও অদম্য জুলাই-২৬’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে এই কর্মসূচি পালিত হয়।নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ডালপট্টি এলাকা থেকে ম্যারাথনটি শুরু হয়।
ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই ম্যারাথনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি সেলিমুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহাগের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রশিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল বলেন, সরকার নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা নিয়ে চরম টালবাহানা করছে। তারা এই ঐতিহাসিক সনদ বাস্তবায়নকে অস্বীকার করার চেষ্টা চালাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে যদি জুলাই সনদের দাবি ও রায় বাস্তবায়ন করা না হয়, তবে দেশের ছাত্র-জনতা আবার রাজপথে নেমে তা আদায় করে ছাড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
স্থানীয় নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হয়েছিল, তেমনি বর্তমান প্রশাসনের পক্ষ থেকেও যদি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করা হয় তবে তা বরদাস্ত করা হবে না। শহিদদের রক্তে অর্জিত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই ছাত্র-জনতার কাঙ্ক্ষিত বৈষম্যহীন দেশ গড়া সম্ভব হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন