আগস্ট ২২, ২০২৬, ০১:৪০ পিএম
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ৭৩২ নম্বর ট্রেনটি চিলাহাটি থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। তবে চালক ও পরিচালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
আকস্মিক এই ট্রেন বিভ্রাটে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।রেলওয়ে সূত্র জানায়, সকালে ছেড়ে আসা ট্রেনটি পুরানাপৈল রেলগেট অতিক্রম করার পরপরই বিকট শব্দে বডি ভেঙে নিচে নেমে যায়। ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভাঙার বিষয়টি টের পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন।
এর ফলেই অলৌকিকভাবে শত শত যাত্রীর প্রাণহানি বা বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেনের জন্য পার্বতীপুর ও সান্তাহার জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে উদ্ধারকাজ শেষ করে কখন নাগাদ এই রুটে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন