আগস্ট ২৩, ২০২৬, ১২:৪১ পিএম
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তার পরিবারের তিন সদস্যের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছানোর পর অত্যন্ত শোকাহত পরিবেশে শেষকৃত্য ও দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৃত্যুর চার দিন পর মরদেহগুলো কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়াস্থ ভাড়া বাড়িতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
প্রিয়জনদের হারিয়ে শোকে মুহ্যমান স্বজন ও এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।পারিবারিক সিদ্ধান্ত ও ধর্মীয় রীতি অনুযায়ী নিহতদের কুষ্টিয়ার বিভিন্ন স্থানে দাফন ও সৎকার করা হয়।স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক দেবাশীষ দত্ত মুসলিম পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় তার স্ত্রী আফসানা সিম্মিনকে তার পিতা আকরাম আলীর সঙ্গে পৌর গোরস্থানে দাফন করা হয়।
এর আগে কুষ্টিয়া মডেল মসজিদে তাদের জানাজা সম্পন্ন হয়। অন্যদিকে, হিন্দু ধর্মীয় রীতি অনুসরণ করে দিবাগত রাতে কুষ্টিয়া মহাশ্মশানে সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার শিশু পুত্র শর্ণশীষ দত্তের সৎকার সম্পন্ন করা হয়। এই শেষকৃত্য অনুষ্ঠানে নিহতদের আত্মীয়-স্বজন, স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কলকাতার একটি হোটেলে সংঘটিত ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী, একমাত্র পুত্র এবং শ্বশুর মর্মান্তিকভাবে প্রাণ হারান। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত তিন আগস্ট তারা ভারতে গিয়েছিলেন এবং ১৯ আগস্ট তাদের দেশে ফিরে আসার কথা ছিল। একমাত্র উপার্জনক্ষম সদস্যসহ পুরো পরিবারকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে স্বজনরা, যা পুরো কুষ্টিয়া সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন