আগস্ট ২৯, ২০২৬, ০৫:৪৬ পিএম
পর্যাপ্ত মজুত থাকার পরেও সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পঞ্চগড় জেলার নিবন্ধিত ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলাজুড়ে চাহিদার বিপরীতে সব ধরনের সারের পর্যাপ্ত মজুত রয়েছে।সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ বদ্ধপরিকর। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম বা গুজব ছড়ানোর চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনকে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিগত দিনে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া অনেক সার ডিলার নানা অপকর্মে জড়িত থাকায় বর্তমানে পলাতক রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের ওই ডিলাররাই এই সংকট তৈরির চেষ্টা করছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সার ডিলার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কর্মকর্তারা জেলার বর্তমান সার মজুত ও বিতরণ ব্যবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরে জানান যে, সারের কোনো ধরনের ঘাটতি নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন