রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

রংপুরে ৪ খুন: গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ০৪:৪৯ পিএম

রংপুরে ৪ খুন: গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের পরীক্ষায় মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেন।

দেরিতে নমুনা সংগ্রহ করার কারণে এমন ফলাফল আসতে পারে বলে জানিয়েছে পুলিশ। এর আগে আদালতের অনুমতি নিয়ে গত রোববার রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছিল। এ সময় রংপুর মেডিকেল কলেজের ল্যাবের টেকনোলজিস্ট ও সহকারী উপস্থিত ছিলেন। 

ঘটনার প্রায় দশ দিন পর নমুনা সংগ্রহ করায় পরীক্ষার ফলাফলে মাদকের উপস্থিতি ধরা না পড়তে পারে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। গত ২২ আগস্ট নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, শ্বাসরোধেই তাদের হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় পরদিনই দুজনকে গ্রেপ্তার করা হয়।