রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

উত্তর সীমান্তে বিজিবির তিন অভিযানে বিপুল মাদক উদ্ধার

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৩:৫৭ পিএম

উত্তর সীমান্তে বিজিবির তিন অভিযানে বিপুল মাদক উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিনাজপুর ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ বিরল, হরিপুর ও রানীশংকৈল সীমান্তে পরিচালিত এসব অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও বড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের মোট আর্থিক মূল্য আনুমানিক ৭৯ হাজার টাকা।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর নজরদারি জোরদার রাখা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে বিরল উপজেলার ধর্মজান সীমান্ত চৌকির একটি টহল দল সীমান্ত পিলার ৩১৯-এর কাছে ছিটসুন্দরা এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একশত চুয়াল্লিশ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং একশত ষাটটি ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এর আগে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভুটডাঙ্গী নদীর ঘাট এলাকা থেকে উনিশটি ইয়াবা ও সাতাশটি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে গোবিন্দপুর ক্যাম্পের সদস্যরা। একই রাতে রানীশংকৈল উপজেলার ভুটডাঙ্গী সীমান্ত থেকে আরও সাতাশটি ইয়াবা উদ্ধার করে পার্বতীপুর ক্যাম্পের টহল দল। উদ্ধারকৃত এসব মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। 

দিনাজপুর ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে এবং পাচারকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।