নভেম্বর ৭, ২০২৫, ১০:০৩ এএম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৮৪তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সংগঠনটির উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৫’ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, কৃষিবিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ড. আলী আফজাল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম।কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল তার বক্তব্যে বলেন, কৃষিবিজ্ঞানে উন্নতি ছাড়া দেশের উন্নতি চিন্তা করা অসম্ভব। তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশে চাকরির জন্য চাকরিপ্রার্থী তৈরি হচ্ছে, তবে উদ্যোক্তা তৈরি হচ্ছে না।
যার কারণে দেশে বেকার যুবকের সংখ্যা দিন দিন বাড়ছে। তিনি উল্লেখ করেন, যুগ যুগ ধরে শিক্ষা কমিশন গঠিত হলেও ব্রিটিশদের ধার দেওয়া শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন হয়নি।ড. আলী আফজাল আরও বলেন, দেশে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানে ব্যর্থ হওয়ায় দেশপ্রেমিক লোক তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হচ্ছে। তিনি মনে করেন, যদি দেশপ্রেমিক তৈরি করা যেত, তাহলে ২৪-এর জুলাই-আগস্টে এত মানুষকে জীবন দেওয়ার প্রয়োজন হতো না।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলন এবং এর আগে সবচেয়ে বেশি নির্যাতিত ছাত্রসংগঠন হলো ইসলামী ছাত্রশিবির। তিনি জানান, ছাত্রশিবিরের এখনও পর্যন্ত ৭ জন গুম অবস্থায় আছে। ক্যাম্পাসগুলোয় গুন-খুন, হামলা ও নির্যাতনের কারণে ছাত্রশিবিরের কর্মীরা তাদের পরিচয় দিতে পারতো না। তিনি বলেন, খুনি হাসিনার পতনের মাধ্যমে এখন সেই নির্যাতন থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ছাত্রশিবির উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরিতে চেষ্টা করে। তিনি বলেন, “আমাদের অভিভাবকরা চলমান পরিস্থিতির কারণে ছাত্রশিবিরকে একটি সম্পূর্ণ রাজনৈতিক দল হিসেবে চিন্তা করেন। তবে আমাদের মূল কাজের মাত্র ৫ থেকে ১০ ভাগ গতানুগতিক রাজনীতির সাথে মিলে। বাকি সময়টা একজন ছাত্র, সুনাগরিক এবং মুসলিম হিসেবে যা করা দরকার, সেটি আমরা করি।
শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, ছাত্রশিবির দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে শেকৃবি ক্যাম্পাস থেকে চলমান অন্যায়, দুর্নীতি দূর করে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন